
জামালপুর সদর উপজেলায় শাহী একাডেমিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
সোমবার ১৪ জুলাই বেলা ১১.০০ ঘটিকায় জামালপুর সদর উপজেলার সাউনিয়া-জামতলীতে অবস্থিত শাহী একাডেমিক স্কুল ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জামালপুর জেলার কৃতি সন্তান জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম বলেন, শাহী একাডেমিক স্কুল এসএসসির ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি থেকে এবার ২২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন, এ গ্রেড ১৭, এ- মাইনাস ১ জন। তিনি আরো বলেন এই সাফল্য আমাদের সকলের। আমরা আশাবাদী সামনে আরো ভালো ফলাফল করবে ইনশাআল্লাহ।
বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করে আসছে। এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২২ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন। এর আগেও একাধিকবার শতভাগ পাসসহ জামালপুর সদর উপজেলায় ভালো ফলাফল অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা। তারা নেচেগেয়ে মিষ্টি বিতরণ করে। একপর্যায়ে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: মোস্তফা কামাল বিদ্যালয়ে এসে এ আনন্দে শামিল হন। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের জন্য দোয়া করেন।
জিপিএ-৫ পাওয়া মোছা: নুসরাত জাহান বলে, ‘বিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার জন্যই আমি আজ জিপিএ-৫ অর্জন করতে পেরেছি। মা-বাবার মুখে হাসি ফোটাতে পেরে আমি খুবই আনন্দিত।
জিপিএ-৫ পাওয়া কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে নিয়মিত ক্লাসের পাশাপাশি শিক্ষকেরা বাড়িতে গিয়েও তদারক করেছেন। এ ছাড়া ছিল বিশেষ ক্লাস। এভাবে তাদের পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছিল। যেসব শিক্ষার্থী ক্লাসে দুর্বল, তাদের আলাদা নজরদারিসহ গাইড টিচারের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। এসব কারণেই এত ভালো ফল হয়েছে।
প্রধান শিক্ষক মো: ছমির জালাল বলেন, ‘বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ই হচ্ছে ভালো ফলাফলের মূলমন্ত্র। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: মোস্তফা কামাল এর সময়োপযোগী দিকনির্দেশনায় নিয়মিত জামালপুর সদর উপজেলার কয়েকটি স্কুলের মধ্যে ভালো ফলাফল পাচ্ছি আমরা। আমাদের শিক্ষকেরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করেছেন শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য।’
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: মোস্তফা কামাল বলেন, ‘ জামালপুর জেলার সার্বিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আমরা জামালপুর সদর উপজেলায় ফলাফল অনেক ভালো করেছি। আমরা এ ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব।’ মানসম্মত শিক্ষাদানের অঙ্গীকার নিয়ে জামালপুর সদর উপজেলার সাউনিয়া-জামতলীতে শাহী একাডেমিক স্কুলটি ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন। বর্তমানে ১৭ জন শিক্ষকের তত্ত্বাবধানে স্কুলটি কঠোর নিয়মশৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমানে স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা ৩০০ জন।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলার কৃতি সন্তান জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো: বাদল মিয়া, মো: মনিরুজ্জামান মনহর, সহকারী শিক্ষক মো: মনিরুজ্জামান মনির, মো: শিপন মিয়া, মো: মনিরুজ্জামান রাসেল, মো: জান্নাতুল নাঈম, মো: জাহাঙ্গীর আলম, মো: কবিরুল ইসলাম, মো: রমজান আলী, মো: নুরে আলম, মোছা: মনিরা খাতুন, নিতুষ চন্দ্র দেবনাথ, মো: সাইফুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আল বিল্লাল খান, সাংবাদিক মীর হেলাল প্রমুখ।