
দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা হলে প্রতিরোধ করা হবে: তারেক রহমান
নিউজ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো অপচেষ্টা করা হলে তা প্রতিরোধ করা হবে। গতকাল বুধবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভকামনা জানিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান যে হয়নি, তার জলজ্যান্ত উদাহরণ আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে।
তিনি বলেন, স্বৈরশাসনের পলাতক সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন অপকর্মের মাধ্যমে একাধিকবার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।
বিবৃতিতে তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে সমন্বয়ের মাধ্যমে সর্বস্তরের জনগণের সহায়তায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের নির্দেশ দেন। তারেক রহমান বলেন, এ দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং তা বিনষ্টকারী যে কোনো ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট।
এদিকে গতকাল পৃথক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্গাপূজায় ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন। তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন চক্রান্ত, ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সমমনা দল ও আপামর জনগণকে সজাগ থাকতে হবে।