
দেশসেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত হলেন নেত্রকোনা জেলার উজ্জল মিয়া
মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভিএসও বাংলাদেশের বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ডে প্রথম স্থান অর্জন, ভিএসও বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের জাতীয় অনুষ্ঠানে দেশের হাজারো তরুণের মধ্যে থেকে মনোনীত সেরা ১৫ জনের তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন নেত্রকোনার পূর্বধলার তরুণ উজ্জল মিয়া। তাঁর এই অর্জন স্বেচ্ছাসেবার প্রতি নিষ্ঠা ও মানুষকে ঘিরে কাজ করার অদম্য মনোযোগের এক আন্তরিক স্বীকৃতি।
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সিনেট ভবনে অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে তাঁর হাতে পুরস্কার তুলে দেন
ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, যুগ্মসচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি আরমান হোসেন এবং সাধারণ সম্পাদক জামাল হোসেন, যা উজ্জলের কাজ ও নেতৃত্বে আরও স্বীকৃতি এনে দিয়েছে।
ময়মনসিংহ বিভাগের সভাপতি হিসেবে তিনি নেতৃত্ব দিচ্ছেন চার জেলার দুই শতাধিক তরুণকে। স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু, আধুনিক কৃষি, পুষ্টিবাগান, শিশু অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধে তাঁর দলের কাজ আজ বিভাগজুড়ে প্রশংসিত।
উজ্জল মিয়া’র অনুভূতি
পুরস্কার হাতে পাওয়ার সেই মুহূর্তটি নিয়ে উজ্জল বলেন
“এই স্বীকৃতি আসলে আমার একার নয়—এটা সেই প্রতিটি তরুণের, যারা নিজের সময়, স্বপ্ন আর শক্তি সমাজ পরিবর্তনের জন্য ব্যয় করতে ভালোবাসে। আমি যখন প্রথমবার স্কুলে এক আপুর বাল্যবিবাহ ঠেকাতে এগিয়ে গিয়েছিলাম, তখন ভাবিনি এই পথ আমাকে এতদূর নিয়ে আসবে। বরং সেদিন শুধু মনে হয়েছিল—যদি আমি চুপ থাকি, তাহলে অন্য কোনো মেয়ের জীবনও হয়তো থমকে যাবে।
আজ যখন সিনেট ভবনের মঞ্চে দাঁড়িয়ে পুরস্কারটি হাতে নেই, তখন মনে হয়েছে—আমার জন্ম জায়গা, ছেলেবেলার পথ, সেই ছোট ছোট সেবামূলক কাজগুলোর প্রতিটিই যেন আমাকে এখানে নিয়ে এসেছে। আমি কৃতজ্ঞ আমার দলের প্রতি, আমার জেলার মানুষদের প্রতি, যাঁরা আমাকে প্রতিদিন নতুন করে বিশ্বাস করতে শেখান।
এই অর্জন আমার কাছে দায়িত্ব আরও বেশি কাজ করার, আরও বেশি মানুষকে সাথে নেওয়ার, আর আগামী দিনের ভবিষ্যৎকে আরও সবুজ, নিরাপদ ও মানবিক করে গড়ে তোলার।”